ভাঙ্গুড়ায় অবৈধ করাত কলে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব

সিরাজুল ইসলাম আপন,ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় সরকারের অনুমোদন ছাড়াই প্রায় অর্ধশত স’মিলে (করাত কল) চলছে রমরমা অবৈধ ব্যবসা। এসব মিলে সাবাড় হচ্ছে বনজ, ফলদসহ নানান প্রজাতির গাছ। অনুমোদনহীন এসব মিলে মাসের পর মাস চলছে কাঠ চেরাই। কিন্তু এসব দেখার যেন কেউ নেই। ফলে যততত্র গাছ কেটে সাবাড় করছে অবৈধ ব্যবসায়ীরা। এর ফলে একদিকে যেমন পরিবশের ভারসাম্য নষ্ট হচ্ছে অপরদিকে সরকার প্রতিবছর হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখনি জরুরি এবং এসব করাত কল সরকারি আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বন আইন ১৯২৭ ও তৎপ্রণীত স’মিল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী কোনো স’মিল মালিক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবে না। লাইসেন্স নেয়ার পর থেকে প্রতিবছর তা নবায়ন করতে হবে।
উপজেলা বনবিভাগ সূত্রে জানা গেছে, এ উপজেলার একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নে অর্ধশতাধিক করাত কল রয়েছে। তার মধ্যে ৬টি করাত কলের লাইন্সেস রয়েছে। কিন্তু সে গুলির নবায়নও হয় না ঠিক মত। আর বাকী প্রায় অর্ধশত করাত কলের নেই কোন অনুমোদন বা লাইন্সেস ফলে নবায়নের তো প্রশ্নই আসে না।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোর করাত কল ঘুরে দেখা গেছে, কেউ বা জায়গা ভাড়া নিয়ে কেউ বা নিজস্ব জায়গায় যত্রতত্র করাত কল স্থাপন করে মালিকরা বছরের পর বছর চালাচ্ছেন তাদের ব্যবসা। মিল চালানোর ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট বিধান থাকলেও এ উপজেলায় এ চিত্র একেবারেই বিপরীত। এসব মিলের কোন কোন মালিকরা ২০/২৫ বছর যাবত অনুমোদন ছাড়াই চালাচ্ছেন তাদের স’মিল গুলি। লাইসেন্সবিহীন স’মিলগুলো এ উপজেলায় বন্ধ করার কোনও উদ্যোগও চোখে পরেনি। তবে এসব মিল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ থরে থরে মজুত করে রাখা হয়েছে। কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এসব মিলে বিরামহীন চলছে কাঠ কাটার কাজ।

খানমরিচ ইউনিয়নের ময়দান দীঘি এলাকার স’মিল মালিক, আজিজ, জলিল মেধা জানান, অনুমোদন বিহীন দীর্ঘদিন ধরে তারা তাদের স’মিল চালাচ্ছেন। এতে কোন সমস্যা হয় নি। কেউ লাইন্সেস করার বিষয়ে কখন কিছু বলেন নি। বললে হয়ত লাইন্সেস করার উদ্যোগ নেওয়া হত।

কালিবাড়ি এলাকার স’মিল মালিক নিজাম উদ্দীন বলেন, দীর্ঘদিন আমাদের স’মিল চলছে। অনুমোদনের জন্য আবেদন করেছি এখনও অনুমোদন পাইনি। মিল যখন চালু করেছি তা তো বন্ধ রাখতে পারি না।

এ ব্যাপারে উপজেলা বনবিভাগের ফরেষ্টার মো. জাহিদ হাসান এ উপজেলায় অবৈধ করাত কলের কথা স্বীকার করে বলেন, মাঝে মঝে ইউএনও-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি সর্তক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, অবৈধ করাত কলের বিরুƒদ্ধে ইতোপূর্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। প্রয়োজনে আবারও অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *