জাহিদ মুন্সি,কালের সংবাদ প্রতিনিধিঃ বয়সে যুবক তবে তার জাতীয় পরিচয়পত্রে নিজের ছবির বদলে এসেছে এক নারীর ছবি। এতে বিড়ম্বনায় পড়েছেন ইকবাল নামের ওই যুবক। জাতীয় পরিচয়পত্রের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুলে হতবাক তিনি।
ইকবাল ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর চৌমুহনী এলাকার ভবানী বাড়ির মফিজের ছেলে।
অভিযোগ করে ইকবাল বলেন, জরুরি প্রয়োজনে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের একটি কপি ডাউনলোড করি, অনলাইন থেকে পরিচয়পত্রের কপিটি নামানোর পর দেখতে পাই সেখানে নাম ঠিক থাকলেও আমার ছবির বদলে এক নারীর ছবি রয়েছে। বিষয়টি দেখে আমি রীতিমতো হতবাক। কারণ এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছি।
জাতীয় পরিচয়পত্রের মতো এতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুল কিভাবে হয়? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত যেন আমার এ সমস্যা সমাধান করা হয়।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে। অফিসে এসে যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।