মহাদেবপুরে বাড়ির সামনে স্বর্ণকারকে খুন করে স্বর্ণ ও টাকা ছিনতাই

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণকার নিহত হয়েছে। এ সময় তার কাছে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুলালপাড়া গ্রামে নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি শুধু ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *