কালের সংবাদ ডেস্কঃ বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট।
আজ (রোববার) বিকেলে রাজধানীতে পদযাত্রা শুরুর আগে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হবে।
বিকেল ৩টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত ১২ দলীয় জোটের উদ্যোগে আওয়ামী সরকারের দমন-পীড়ন, গণগ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ও বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় পদযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির ভাইস চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম রওনক, এনডিপির চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান, শওকত আমিন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেমসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
সভাপতির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, যুগপৎ আন্দোলন করছে সবাই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে।
এহসানুল হুদা বলেন, এই সরকারের নির্যাতন দেশের মানুষ অতীষ্ঠ। তাদের বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।