মাগুরা প্রতিনিধি খন্দকার নাজরুল ইসলাম মিলনঃ
মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তর কার্যালয় কর্তৃক সদর উপজেলার নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স নামক বীজ ও সারের দোকানে তদারকিতে ধান সবজিসহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন বীজ জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় এছাড়া সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মুল্যে সার বিক্রয় ও ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ঢাকা রোডে অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেসার্স অজয় বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিকালে পুর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় বীজ নিয়ে কৃষকের সাথে প্রতারণার প্রমান পাওয়া যায়। সামনের পেয়াজের মৌসুম লক্ষ্য করে বিভিন্ন জায়গা হতে বীজ সংগ্রহ করে কোন প্রকার টেস্ট রিপোর্ট ছাড়া ও বীজ অফিসের প্রত্যয়ন ব্যতীত ভুয়া তথ্য দিয়ে বীজ বাজারজাত করছেন। এছাড়া ৩২৫০/- টাকা কেজি পেয়াজ বীজ কিনে ৯,০০০/- কেজি বিক্রয় করছেন মর্মে দেখা যায়। এছাড়া বীজের প্যাকেটের উপর ভুয়া মেয়াদসহ অসত্য তথ্য প্রদান করেছেন। প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় উক্ত অপরাধে মালিক বাবুল সরকারকে ৪৫ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব মো: শাহীন ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।