মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলনঃ 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শালিখা উপজেলার শালিখা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
১৬-০৯-২০২৫ ইং তারিখ মঙ্গলবারে পরিচালিত এই অভিযানে সার-কীটনাশক ডিলার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় মেসার্স শিকদার ট্রেডার্স নামক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে তদারকিকালে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। বিক্রয় রেজিস্ট্রার ও ভাউচার পর্যবেক্ষণ করে দেখা যায় সার বিক্রি করে যথাযথভাবে ভাউচার প্রদান করা হয়নি। অনিয়ম করে পরবর্তীতে বিভিন্ন গ্রাহক ও খুচরা ব্যবসায়ীদের নামে ভুয়া ভাউচার করে রাখা হয়েছে। পরবর্তীতে অভিযান চলাকালীন ঐ সকল গ্রাহক ও খুচরা ব্যবসায়ীদের ফোন করলে তারা শিকদার ট্রেডার্স থেকে কোন সার ক্রয় করেননি মর্মে জানান। অন্যত্র সার বিক্রয় করে পরবর্তীতে বিভিন্ন গ্রাহকের নামে ভুয়া ভাউচার করে রাখার বিষয়টি প্রমাণিত হয়। এছাড়া বিক্রয় রেজিস্ট্রার ও ভাউচারে অনেক সার বিক্রয়ের গরমিল পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: বাবুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *