মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
এক অভিযান পরিচালিত সময়ে বিভিন্ন মিষ্টির দোকান, খাদ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় মেসার্স বৈশাখি মিষ্টি ঘর নামক প্রতিষ্ঠানে তদারকিতে পাওয়া যায় নানা অনিয়ম। অস্বাস্থ্যকরভাবে দই মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ, স্বাস্থ্যবিধি না মানা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন বৃদ্ধি, দই মিষ্টিতে ক্ষতিকর অননুমোদিত নন-ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব নিতাই চন্দ্র কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১০,০০০/- টাকা, মেসার্স কুটুমবাড়ি মিষ্টান্ন এর মালিক কালাচাঁদ কুন্ডুকে অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি সংরক্ষণ ও গতদিনের বাসি খাবার বিক্রয়ের অপরাধে ৪৩ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডার এর মালিক স্বপন কুমার কুন্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, মোড়কীকরণ (মেয়াদ, মূল্য ইত্যাদি না দেয়া) বিধি না মানা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন ইত্যাদি অপরাধে আইনের ৩৭ ও ৪৩ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ২৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান থাকবে বলে তিনি বলেন।