যশোরে সরকারের উন্নয়ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসহ সরকারের উন্নয়ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর নদীয়ার মোড় বর্মনপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের অস্বচ্ছল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী ১০’হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছে। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ভাতার আওতায় আনার কার্যক্রমও শুরু হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খালকাটা কর্মসূচি বর্তমান সরকার পুনরায় চালু করেছে। 

তিনি আরও বলেন, নির্বিচারে বনভূমি উজাড়ের ফলে দেশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন সৃষ্টির উদ্যোগ নিয়েছে। বিএনপি মনে করে, নির্বাচনী ইশতেহার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল নয়; এটি জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। তাই ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং তা পালনে আমরা বাধ্য। এছাড়াও তিনি যশোরের চাঁচড়া, লেবুতলা, হৈবতপুর সহ উল্লেখিত ইউনিয়নে সরকারের নানা উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন।

অনুষ্ঠানে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চাঁচড়া বর্মনপাড়া এলাকার প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *