বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের চিহ্নিত দখলদার ও মাদক কারবারি ইউসুফ বিশ্বাস এর ছেলে তবিবুর রহমান তবির (৪৮) বিরুদ্ধে একের পর এক অপকর্ম, জমি দখল, অবৈধ বালু উত্তোলন এবং নিরীহ মানুষের ওপর নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সরকার পতনের পরও তবি ও তার চক্র বিএনপি এবং স্থানীয়দের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, তবিবুর রহমান তবি এতদিন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে শার্শা সীমান্ত অঞ্চলে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য আনা-নেওয়া এবং ফেনসিডিল ব্যবসার অন্যতম বড় ডিলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। মাদকের বিশাল নেটওয়ার্ক চালনার পাশাপাশি সে জোরপূর্বক এলাকার সাধারণ মানুষের জমি দখল এবং জলাশয় ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার এসব অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিক নির্যাতন ও নানাবিধ হুমকি-ধমকির শিকার হতে হতো।
তবির নির্যাতনের নির্মম শিকার স্বরূপদাহ গ্রামের নিরীহ বাসিন্দা হুমায়ুন কবির ঝনু। স্থানীয়রা জানান, ঝনুর ওপর পারিবারিক ও রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে তবি প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে। ঝনুকে মিথ্যা ও সাজানো অস্ত্র মামলায় ফাঁসিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আটক করানো হয়। তবির অব্যাহত অত্যাচার ও মামলা-হামলার ভয়ে দীর্ঘদিন ঘরবাড়ি ছাড়া ছিলেন ঝনু। ভিটামাটি ছেড়ে পরিবার-পরিজন নিয়ে তাকে মানবেতর দিন কাটাতে হয়েছে।
এলাকাবাসীর দাবি, পটপরিবর্তনের পরও তবির মতো অপরাধীরা এখনো অধরা রয়ে গেছে। বর্তমানে সে নিজের অপকর্ম আড়াল করতে এবং সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ বহাল রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
হুমায়ুন কবির বলেন, আমি তার নিকট কোন টাকা পয়সা না চাওয়ার পরও সে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে আমি তার নিকট থেকে ৬০ লাখ টাকা চেয়েছি। তবি সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব এর ভাগ্নি জামাই। সে এসব লোকের শক্তিতে অপকর্ম করেছে বলে হুমায়ুন কবির জানান।
তিনি আরো জানান, সে চট্রগ্রামে হেরোইন মামলা নিয়ে আটক ও চলমান রয়েছে।
তবিবুর রহমান তবির যাবতীয় অপকর্ম, জমি দখল ও অবৈধ মাদক ব্যবসার সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত তাকে গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী হুমায়ুন কবির ঝনু ও স্বরূপদাহ গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ।