সিটির মালিকানায় গ্রোসারি চালু করবেন মেয়র মামদানি

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা :  ভোগ্যপন্যের অত্যধিক বৃদ্ধিতে স্বল্প সামর্থের সিটিবাসীদের স্বস্তি দিতে মেয়র জোহরান মামদানি তার প্রথম উদ্যোগ হিসেবে ম্যানহাটানের ইস্ট হারলেমে সিটির মালিকানায় একটি গ্রোসারি স্টোর চালু করার উদ্যোগ নিয়েছেন।

মেয়র মামদানি তার দায়িত্ব গ্রহণের শততম দিনে গত রোববার আয়োজিত এক সমাবেশে ঘোষণা করেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ গ্রোসারি চালু হবে ইস্ট হারলেমের লা মারকেতায়। তবে তা এখনি চালু হচ্ছে না। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ইস্ট হারলেমে সিটির মালিকানাধীন গ্রোসারি স্টোরটি চালু হবে মামদানির প্রথম মেয়াদের শেষ দিকে। ইতোমধ্যে এর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সমাবেশে জানিয়েছেন নতুন মেয়র।

জোহরান মামদানি আশা করছেন যে, ইস্ট হারলেমের ল্যাটিনো প্রধান এলাকা ‘লা মারকেতা’য় সিটির মালিকানাধীন এই গ্রোসারি স্টোরটি নির্মিত হবে একটি এলিভেটেড রেলওয়ে ট্র্যাকের নিচে। এতে ব্যয় হবে ৩০ মিলিয়ন ডলার। মামদানি তার নির্বাচনী অভিযানকালে ঘোষণা করেছিলেন যে, তিনি সিটির পাঁচটি বরোর প্রতিটিতে সিটির মালিকানায় একটি করে গ্রোসারি স্টোর চালু করবেন, যাতে স্বল্প আয়ের লোকজন সাশ্রয়ী মূল্যে ভোগ্যপন্য ক্রয় করতে পারে। করোনা মহামারীর সময় থেকে খাদ্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও স্বল্প আয়ের লোকজনের ওপর যে চাপ পড়েছে, তা লাঘব করার উদ্দেশ্যে মেয়রের এ উদ্যোগ ছিল, যা এখন বাস্তবায়নের পথে।

অন্য এক বরোতে এ ধরনের প্রথম গ্রোসারি স্টোর আগামী বছরের শেষদিকে চালু হবে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। কারণ সেখানে গ্রোসারি চালু করা হবে বিদ্যমান একটি বিল্ডিংয়ে, যেটিতে গ্রোসারি স্টোরের প্রয়োজনীয় সুবিধাগুলো সৃষ্টি করা হবে বলে মেয়র অফিস জানিয়েছে।

আরো জানা গেছে যে, পাঁচ বরোতে গ্রোসারি চালুর কাজ মেয়র হিসেবে ২০২৯ সালের শেষার্ধে, অর্থ্যাৎ জোহরান মামদানির প্রথম মেয়াদের শেষদিকে চালু হয়ে যাবে। মেয়র তার গত রোববারের সমাবেশে বলেছেন, আমরা নিউইয়র্কবাসীর জন্য খাদ্য সরবরাহ সহজতর করতে চাই। আমরা যে স্টোর চালু করতে যাচ্ছি সেগুলোতে ডিম, রুটি এবং অন্যান্য খাদ্যসামগ্রী সুলভে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *