সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এমএ আলীম সরকারের

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা :  সোমবার (১০ আগস্ট ২০২৬) সৌদি আরবে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এমএ আলীম সরকার।

এক শোকবার্তায় তিনি বলেন, বিদেশের মাটিতে কর্মরত ১৬ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের এভাবে প্রাণ হারানো শুধু তাঁদের পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্যই গভীর শোকের বিষয়।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নিহতদের পরিবারকে দ্রুত ও পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান, মরদেহ দ্রুত দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

এমএ আলীম সরকার আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *