সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন

মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটি-এর উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম (বাবুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,সাধারন সম্পাদক আইয়ুব মোল্লা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান ভুলু।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি আইয়ুব মোল্লা বলেন, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটি শুধু বৃক্ষরোপণই নয়, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি এ কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান ভুলু বলেন, একটি গাছ একটি জীবনের সমান। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করাও সকলের দায়িত্ব।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *