আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধিঃ দেশ ব্যাপী বিএিনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ঈশ্বরদীতে বিক্ষোভ ও অগ্নি সংযোগ করেছে জামাত ও বিএনপি নেতা কর্মীরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া দোতলা মসজিদ এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। অপরদিকে ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কের রেলগেট কাচারি পাড়া এবং ঝাউতলা এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন কারাবন্দী বিএনপি নেতা জাকাড়িয়া পিন্টুর সমর্থিত নেতা কর্মীরা।
এদিকে সকাল সাড়ে ৬ টারদিকে বাজারের কলেজ রোডে একটি চিনি ভর্তি ট্রাকে ভাঙচুর এবং আগুন দেয় বিএনপি নেতা কর্মীরা। এর আগে ট্রাকটির সামনের গ্লাস ভেঙে দেয় হরতাল কারীরা। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিভিয়ে ফেলানো হয়। বিক্ষোভ চলাকালে পুলিশের ধাওয়ায় নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলেও জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের ২ জন নেতা কর্মীকে আটক করেন পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতরা জামায়াতের দুই নেতাকর্মী হলেন, মোঃ মোস্তাফিজুর রহমান ও হাফেজ আব্দুর রউফ রবিন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, বিক্ষোভ কারীরা সকালে নাশকতার চেষ্টা চালাচ্ছে এমন খবরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। সে সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ২ জনকে আটক করা হয়েছে। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।