জয়পুরহাটে জনতার হাতে অটোভ্যান চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তিন জনকে আটক করে জনতা। পরে তাদের ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক রেখে পুলিশে সোপর্দ করে।
বুধবার দুপুরে অটোভ্যানের মালিক মাছুদুল বাদী হয়ে তিন চোরকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। এ তথ্য নিশ্চিত করেন  কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
এর আগে গত মঙ্গলবার রাত ৮ টার সময় উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর (পূর্বপাড়া) গ্রামের মমতাজ শেখের ছেলে রিয়াজুল শেখ (৩৩), রোস্তম আলীর ছেলে বিপুল মিয়া (২৮) এবং জাকির খাঁনের ছেলে ইমন খাঁন (২৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মালিক মাছুদুল তার অটোভ্যান রাস্তার উপর রেখে ঔষুধ নিতে দোকানে যায়। ফিরে এসে দেখে ওই স্থানে তার অটোভ্যান নেই। এরপর সে চিৎকার করতে থাকলে বাজারের লোকজন বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে  মোসলেগঞ্জ-পানিতলা রাস্তায় গিয়ে চুরি যাওয়া অটোভ্যানসহ তিন জন চোরকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দিলে  ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে  চোরদের পুলিশের নিকট সোপর্দ করে জনতা।
এবিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোররা অটোভ্যান চুরির কথা স্বীকারও করেছে। তারা নিয়মিত বিভিন্ন জায়গায় চুরি করে। এরআগেও তারা মোসলেমগঞ্জ বাজার থেকে বেশ কয়েকটি অটোভ্যান চুরি করেছে।  বুধবার দুপুরে তাদের তিনজনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *