যশোর পিবিআই কর্তৃক ৬ বছর আত্মগোপনে থাকা ইদ্রিস আলীকে নারায়নগঞ্জ থেকে উদ্ধার

শামীম আখতার, বিভাগী (খুলনা) যশোর : যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা ইদ্রিস আলী মোল্লা (২৩) কে নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে। গত ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার প্রিমিয়ার ষ্টীল এলাকা থেকে তাকে উদ্ধার করে। সে কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পিবিআই অফিস সুত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইদ্রিস আলী গত ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে বাবা-মা তাকে বকাঝকা করে। তখন ইদ্রিস আলী বাবা-মার উপর রাগ করে কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকে চলে যায়। অনুমান ২০১৯ সালে ইদ্রিস আলী তার পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ করেন এবং সে নারায়নগঞ্জে থাকেন মর্মে জানান। ইদ্রিস আলী বছরে ২/১ বার বিভিন্ন ফোন নম্বর দিয়ে তার বাবা-মাকে কল করতো, দীর্ঘদিন অতিবাহিত হলেও সে তার বাবা-মা, ভাই-বোন বা আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত না করায় তারা সবাই উদ্বিগ্ন উৎকন্ঠায় থাকতেন। এমতাবস্থায় গত ২০২৩ সালের ৩০ জুন সকাল ১০.৪৬ মিনিটে ইদ্রিস আলী তার ছোট ভাইয়ের মোবাইল নম্বরে ফোন করে জানান সে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসতেছে। ইদ্রিস আলীকে পরিবারের সদস্যরা রিসিভ করার জন্য মোহনপুর, কেশবপুর বাসস্টান্ডে অপেক্ষা করতে থাকেন। কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হলেও সে আর আসে না। 

গত ২০২৩ সালের ৪ জুলাই অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ইদ্রিস আলীর ভাইয়ের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে অজ্ঞাত ব্যক্তি জানায় ইদ্রিস আলীকে খোঁজাখুজির দরকার নেই, সে ভালো আছে। তার সাথে কথা বলতে হলে ২’লক্ষ টাকা দিতে হবে। পরবর্তীতে গত বছরের ৭ জুলাই অজ্ঞাতনামা ব্যক্তি ইদ্রিস আলীর ব্যবহৃত”স্পন্দিত চাদর”নামের ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পুনরায় জানায় ২’লক্ষ টাকা দিলে ইদ্রিস আলীকে ছেড়ে দেওয়া হবে। তখন তার পরিবারের লোকজন তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সকল মোবাইল ফোন নম্বর বন্ধ পায়। এমতাবস্থায় ইদ্রিস আলীকে পরিবারের লোকজন তাদের সন্তানকে উদ্ধারের জন্য পিবিআই যশোরের পুলিশ সুপার বরাবর আবেদন করেন। পিবিআই বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত কার্যক্রম শুরু করেন।

তখন ইদ্রিস আলীকে পরিবার লোকজন তাকে উদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে মামলাটি পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম-সেবা মামলাটি তদন্ত করার জন্য এসআই সৈয়দ রবিউল আলম পলাশকে নির্দেশ প্রদান করেন।ইদ্রিস আলীর ব্যবহৃত মোবাইল নম্বরটি নারায়নগঞ্জে গত বছরের ৩০ জুন ব্যবহার হয়েছিল। এরপর থেকে ওই ফোন নম্বর আর ব্যবহার হয় না। মামলাটির তদন্তকারী অফিসার নারায়নগঞ্জে ইদ্রিস আলী যাদের সাথে চলাফেরা করত তাদের সনাক্ত করেন এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে ইদ্রিস আলীর অবস্থান সনাক্ত করেন। পরবর্তীতে চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার প্রিমিয়ার ষ্টীল মিল (চ.ঝ.জ.গ) থেকে ইদ্রিস আলীকে উদ্ধারপূর্বক জবানবন্দি লিপিবদ্ধ করার নিমিত্তে গত ৭ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন। 

মামলাটি তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন, ইদ্রিস আলী এসএসসি পরীক্ষায় আশানুরুপ ফলাফল না করায় তার বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা তার বকাঝকা করে। রাগে, ক্ষোভে ও মনোকষ্টে ইদ্রিস আলী নিজেই থেকে বাড়ি থেকে চলে যায়। সে নিজে নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিল এবং সেখানে তার প্রকৃত নাম ঠিকানা গোপন করে হুসাইন নামে পরিচয় দেয়। তাকে কেউ অপহরণ করেনি বা মুক্তিপণ চাইনি। পরিবারের প্রতি রাগে ক্ষোভে ইদ্রিস আলী নিজেই তার ভাইকে ফোন করে বাড়ি আসার নাটক সাজিয়েছিলো।

এ ব্যাপারে পিবিআই যশোর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ করায় ইদ্রিস আলীকে তার বাবা-মা ও পরিবারের সদস্যরা বকাঝকা করে।

তখন সে রাগে, ক্ষোভে ও মনোকষ্টে নিজেই বাড়ি থেকে চলে যায়। সে নিজের পরিচয় গোপন করে হুসাইন নামে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলো। তাকে কেউ অপহরণ করেনি বা মুক্তিপণ চাইনি। বর্তমানে ইদ্রিস আলী তার বাবা-মায়ের সাথে থাকার ইচ্ছা পোষণ করে নিজ বাড়িতেই অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *