শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরে বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানিতে জলাবদ্ধ হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকার ২০০ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।প্রতিটি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল আলু ও তেল দেওয়া হয়েছে। জলাবদ্ধ পরিবারের লোকজন ত্রাণ সামগ্রী পেয়ে খুশি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, আল আমিন বিশ্বাস, বিশ্বাস জাহিদ হাসান, শেখ মাহিদুল হাসান, তুহিন রেজা, রনি ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, নাজমুল হাসান, সাজু, রাসেল, সজল, নয়ন হোসেন, আজমুল, আব্দুল্লাহ, আবিদ হাসান, কামরুজ্জামান রাজু প্রমুখ।
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা হওয়ায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করেন। সেই সহায়তার অর্থ থেকে ১ম পর্যায়ে গত ৩১ আগস্ট পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং দ্বিতীয় পর্যায়ে কেশবপুর পৌরসভার বিভিন্ন এলাকার জলাবদ্ধ দুইশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।