মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের নিজস্ব অর্থায়নে বেনাপোল পৌরসভার প্রবেশদ্বার আমড়াখালী থেকে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “গাছ আমাদের জীবন বাঁচায়, অক্সিজেন দেয়। গাছ থেকে আমরা ফল ও কাঠ পাই এবং পরিবেশ রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি সৌদি আরবে বাংলাদেশের নিম গাছ লাগিয়ে এসেছিলেন, যা আজ সৌদি আরবে ‘জিয়া ট্রি’ নামে পরিচিতি লাভ করেছে।”
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, “গাছ আমাদের বন্যা, খরা, অতিবৃষ্টি ও ভূমিকম্প থেকে রক্ষা করে। গাছ আছে বলেই পৃথিবীর প্রাণীকুল বেঁচে আছে। শহীদ জিয়ার সেই কর্মসূচি থেকে আজ আমাদের নেতা তারেক রহমান গাছ লাগানোর ব্যাপারে বড় উদ্যোগ নিয়েছেন। তিনি আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। আমি তারই ধারাবাহিকতায় ও আমার নেতার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ থেকে বেনাপোল পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমি আমার ৯টি ওয়ার্ডের সব রাস্তাঘাট ও প্রধান সড়কের পার্শ্বে এই মৌসুমে গাছ লাগাব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: শার্শা উপজেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবুল, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রানা, বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছহাক মিয়া ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।