ছানোয়ার হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। সুমাইয়া আক্তার কার্তিকাহার গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম।
রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় তার স্ত্রী সুমাইয়া আক্তার খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন সুমাইয়া। এরপর তিনিও পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।