সিরাজুল ইসলাম আপন (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ আবু হুরাইয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে ভাঙ্গুড়া পৌরসভার
মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবু হুরাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মসজিদপাড়া এলাকার বাসিন্দা মো. বারিকের ছেলে।
স্থানীয় কয়েকজনের দাবি, আবু হুরাইয়া নিজেও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ভাঙ্গুড়া থানা পুলিশ জানায়, বুধবার রাতে জরুরি ডিউটি ও বাজার ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মসজিদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আবু হুরাইয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা আলামতগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আবু হুরাইয়াকে আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।