পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্যব্যবস্থা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ এবং টেকসই কৃষি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের (BARCIK) আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ‘Participatory Mapping of Climate Risk to Food Systems to Inform Agro-Ecological Planning’ শীর্ষক উদ্যোগের আওতায় আয়োজিত সভায় বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও পদ্মপুকুর ইউনিয়নের ২৫ জন কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। সভায় অংশগ্রহণমূলক পদ্ধতিতে স্থানীয় জলবায়ু ঝুঁকি ও খাদ্যব্যবস্থার ওপর এর প্রভাব চিহ্নিত করা হয়। আলোচনায় জোয়ারের লবণাক্ত পানির অনুপ্রবেশ, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা ও খরাকে উপকূলীয় কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ এবং খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়। এসব ঝুঁকির ফলে স্থানীয় কৃষকদের জীবিকা ও খাদ্যনিরাপত্তা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে বিষয়েও অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। সভায় গ্রাম ও ইউনিয়নভিত্তিক এগ্রোইকোলজি বা কৃষিপ্রতিবেশবিদ্যা পরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে লবণসহিষ্ণু ফসলের জাত সম্প্রসারণ, স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং স্থানীয় সম্পদ ও কৃষকদের অভিজ্ঞতাভিত্তিক পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব উঠে আসে। পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক বাসন্তী রানী, পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কমলা রানী, মুন্সিগঞ্জ ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সদস্য ভূধর চন্দ্র মণ্ডল এবং বারসিকের মনিকা পাইক, বর্ষা গাইন ও জুবায়ের আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই কৃষি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, কৃষকদের সচেতনতা এবং সম্মীলিত অংশগ্রহণ জরুরি।