যশোরের বেনাপোলে নিজ উদ্যোগে হাকর নদীর কচুরিপানা পরিষ্কার করলেন যুবদল নেতা ইমদাদ

বেনাপোল প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে যশোরাঞ্চলের বেনাপোলে নিজ উদ্যোগে হাকর নদীর কচুরিপানা পরিষ্কার করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজে পানিতে নেমে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। হাকর নদীর জমে থাকা কচুরিপানা ও জঞ্জাল অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার এই মহতী উদ্যোগে স্থানীয় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “আমি এই শহরে বসবাস করি। এখানকার পরিবেশ ও জলাশয় অপরিচ্ছন্ন থাকুক, তা আমি চাই না। বর্তমান সময়ে চারদিকে যেভাবে মশার উপদ্রব বেড়েছে, তাতে ডেঙ্গু একটি ভয়ংকর রূপ নিয়েছে। সমাজের কল্যাণে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আমি যতদিন বেঁচে আছি, আমার নিজ অর্থায়নে সাধ্যমতো জনকল্যাণমূলক কাজ করে যাবো। কারণ এই শহরের প্রতিটি মানুষ আমার আপনজন ও প্রিয়জন।”

নদী ও আশপাশের পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতার এমন স্বেচ্ছাসেবা মূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *