মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

সিরাজুল ইসলাম আপন (পাবনা): মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল। মানবিক বিবেচনায় তাকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে পাবনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশি পাহারায় রাসেল প্যারোলে মুক্ত থাকবেন। এ সময় তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেবেন।
রাসেলের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ জানান, একটি মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পরও অন্য একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ অবস্থায় মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনটি মঞ্জুর হয়েছে। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই পুলিশ হেফাজতে তাকে কারাগারে নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা নুরজাহান রেখা। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
রাসেলকে গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তার সহযোগী বশিরসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাঙ্গুড়া থানায় করা একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
মায়ের অসুস্থতার কথা উল্লেখ করে সম্প্রতি রাসেলের জামিনের আবেদন করেন তার আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে বুধবার (১২ আগস্ট) পাবনা জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আফতাবুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। আদালতের জামিনের আদেশ যথাসময়ে পাবনা জেলা কারাগারে পৌঁছালেও তিনি মুক্তি পাননি।
এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে মারা যান তার মা। একই দিন রাসেলকে আদালতে হাজির করে চাটমোহর থানায় সম্প্রতি দায়ের হওয়া আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। ফলে একটি মামলায় জামিন পাওয়ার পরও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় তার কারামুক্তি আটকে যায়।
মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নিতে না পারার আশঙ্কায় আদালতে কান্নায় ভেঙে পড়েন রাসেল। পরে জেলা প্রশাসনের কাছে করা প্যারোলের আবেদন মঞ্জুর হওয়ায় শেষ পর্যন্ত মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
ছবি: মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *