কেশবপুরে শিক্ষার সার্বিক মানোন্নয়নে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরে ২০২৬ সালের এসএসসি/সমমান পরিক্ষার ফলাফল পর্যালোচনা ও ২০২৭ সালের এসএসসি/সমমান পরিক্ষার ভালো ফলাফল অর্জনের প্রস্তুতি এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ১১৩টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা একটি জাতির উন্নতির মূল চালিকাশক্তি। উন্নত শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে না। তাই শিক্ষার মান উন্নয়নে আমাদের সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ উপজেলায় ফলাফল খারাপ হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোন শিক্ষার্থীকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। নির্বাচনী পরীক্ষার আগে উপজেলার যে কয়টি এসএসসি/মাদ্রাসার পরীক্ষার কেন্দ্র সেই সকল কেন্দ্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তাব রাখেন। বিশেষ করে ইংরেজি এবং গণিত। বিষয়ভিত্তিক শিক্ষকদের আরো আন্তরিকভাবে শ্রেণী পাঠ দানের নির্দেশনাও প্রদান করেন। মানসম্মত পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে যা আধুনিক প্রযুক্তি ও বাস্তবমুখী জ্ঞানকে গুরুত্ব দেবে। শিক্ষার্থীদের কেবল মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করে বিশ্লেষণাত্মক ও সৃজনশীল চিন্তা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষাদান পদ্ধতি আয়ত্ত করা অপরিহার্য।

তিনি আরও বলেন, কোন অবস্থায় ম্যানেজিং কমিটি পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার অংশগ্রহণ বিষয়ে কোন চাপ সৃষ্টি করতে না পারে সে বিষয়টির উপরে কঠোর হতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সক্রিয় ভূমিকা থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি উন্নত ও টেকসই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো।

উপজেলা নির্বাহী অফিসারের এ ধরনের উদ্যোগকে পূর্ণ সমর্থন করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেহেরুন্নেছা, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান, কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা এজাহার আলী, বুড়িহাটি দাখিল মাদ্রাসা সুপার আব্দুল খালেক, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের হাবিবুর রহমান, আলতাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আজিজ, এস.এস.জি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ১১৩টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *