ভারতে তিন বছর জেল খেটে বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ২ তরুনী

বেনাপোল প্রতিনিধি: দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে গিয়ে দীর্ঘ প্রায় তিন বছর জেল খাটার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি তরুনী। আজ ০৮/০৯/২০২৬ তারিখে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে আইসিপি বেনাপোল ইমিগ্রেশনে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসারা হলো:- নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ঘাঘা গ্রামের বি এম লবু মিয়ার মেয়ে লাবনী বিশ্বাস (২২) একই জেলার মহিষখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাস এর মেয়ে মনি বিশ্বাস (২০)।

পাসপোর্ট ও ভিসা ছাড়াই দালালদের খপ্পরে পড়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘ সময় তাদের জেল খাটতে হয়। সাজা শেষ হলে সে দেশের একটি বেসরকারি সংস্থা তাদের জেল থেকে মুক্ত করে ব্যাঙ্গালোরের ‘বালা মন্দির চাইল্ড হোম’ নামক একটি শেল্টার হোমে আশ্রয় দেয়। পরবর্তীতে চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ও এইচওসি (কনসুলার) কর্তৃক ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও ব্যাঙ্গালোরের এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর দীর্ঘ তিন বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা আজ দেশে ফিরেছেন।

ফেরত আসা দুই নাগরিককে গ্রহণ করেছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামক একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির বেনাপোল প্রতিনিধি শফিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের যশোরে নিজেদের শেল্টার হোমে রাখা হবে এবং পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *