বদলগাছিতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ছানোয়ার হোসেন বদলগাছি (নওগাঁ) বিশেষ প্রতিনিধি: বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা গ্রামে নিখোঁজের কয়েক ঘণ্টা পর জুয়েল হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি কাঁচা রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাঁর মায়ের নাম জুলেখা বেগম।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জুয়েল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে একই গ্রামের সাদেক আলী (৬৫) আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জুয়েলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জুয়েল হোসেনের বলে শনাক্ত করেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে শেয়ালের ভয়ে দৌড় দেওয়ার সময় হেলে থাকা একটি বাঁশের সঙ্গে জুয়েলের মাথায় আঘাত লাগতে পারে। এতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে এবং পরে শেয়াল মরদেহ টানাঁচ্যাঁচড়া করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *