বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং একটি বাটন ফোনসহ মো. শাহাদত হোসাইন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ কায়বা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শাহাদত হোসাইন শার্শা থানার চালিতা বাড়ীয়া ডাকঘরের রাড়ী পুকুরিয়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সীমান্ত পথে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে কায়বা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।