নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠি

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : প্রবাসে বাংলাভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘লেখকের অঙ্গন’–এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার,নভেম্বর ২১, ২০২৬, নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও পাঠকদের প্রাণবন্ত উপস্থিতিতে এ সাহিত্যসভাটি ‘নীরা কাদরী’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর সাহিত্যভাবনাকে ধারণ করে ‘লেখকের অঙ্গন’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক নীরা কাদরী দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সাহিত্যচর্চার এক অনন্য পরিমণ্ডল গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে বইপাঠ, গ্রন্থালোচনা ও সাহিত্যবিষয়ক মুক্ত মতবিনিময়ের মাধ্যমে একটি সৃজনশীল সেতুবন্ধন তৈরি হয়েছে, যা বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রথমে কবি ও সাবেক ব্যাংকার মোহাম্মদ মহিবুর রহমান আলোচনা করেন হুমায়ূন আহমেদের ” প্রেমের গল্প” থেকে ‘সুখী মানুষ’, ‘অতিথি’ ও ‘শঙ্খমালা’ গল্প নিয়ে। মানুষের সুখ, দুঃখ, অনুভূতি, সম্পর্ক ও জীবনবোধের বিভিন্ন দিক আলোচনায় উঠে এসেছে। লেখক সহজ ভাষা, সাবলীল বর্ণনা ও চরিত্রের স্বাভাবিক উপস্থাপনায় গল্পগুলোকে রোমান্টিকভাবে আকর্ষণীয় করে তুলেছেন। সাধারণ ঘটনার মধ্যেও লেখক মানুষের জীবনের গভীর উপলব্ধির কথা তুলে ধরেছেন।

কবি, লেখক ও প্রাবন্ধিক এবিএম সালেহউদ্দিন আবু সয়ীদ আইয়ুব’-এর “পান্থজনের সখা” বইটির উপর আলোচনা করেন । বাংলা সাহিত্যে ‘পান্থজনের সখা’ কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্য ও জীবনদর্শনভিত্তিক একটি মননশীল প্রবন্ধগ্রন্থ। এতে রবীন্দ্রসাহিত্য, কবিতা, নাটক গান, প্রেম, দুঃখ, ধর্ম ও আধ্যাত্মিকতার গভীর বিশ্লেষণ রয়েছে। লেখক যুক্তি, দর্শন ও নান্দনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছেন। বইটি রবীন্দ্রসাহিত্য অনুধাবন ও চিন্তার জগৎ সমৃদ্ধ করার একটি মূল্যায়নধর্মী সংযোজন। এতে জ্ঞানচর্চা ও আত্মজিজ্ঞাসার এক মহামূল্যবান জ্ঞানের অনুসন্ধানের পথ সুগম হয়েছে।
কবি ও লেখক রাজিয়া নাজমী,
আহমদ ছফার “ওঙ্কার” বই নিয়ে আলোচনা করেন। ভাষা আন্দোলনের চেতনা, উনসত্তরের গণআন্দোলনের পর ও বাঙালির আত্মপরিচয়ের সংগ্রামভিত্তিক একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। একটি বোবা মেয়ের নীরবতার মধ্য দিয়ে লেখক একটি জাতির অবদমিত কণ্ঠস্বরকে প্রতীকীভাবে তুলে ধরেছেন। ভাষা, অধিকার, প্রতিবাদ ও মুক্তির আকাঙ্ক্ষা উপন্যাসটির মূল ভাবনা। ছোট পরিসরে গভীর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা প্রকাশ পেয়েছে।

সবশেষে আলোচনা করেন কবি ও লেখক মনিজা রহমান মানিক বন্দ্যোপাধ্যায়ের “ছোট বকুলপুরের যাত্রী” ছোটগল্প নিয়ে। এতে গ্রামীণ জীবন, সাধারণ মানুষের বাস্তবতা ও সামাজিক পরিস্থিতির প্রতিফলন ঘটেছে। লেখকের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গল্পটিকে বিশেষ মাত্রা দিয়েছে। মানুষের জীবনসংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা ও সামাজিক টানাপোড়েন গল্পের মূল আকর্ষণ।
সার্বিক মূল্যায়ন হলো চারটি সাহিত্যকর্মে ভালোবাসা, জীবনদর্শন, ভাষার অধিকার ও সামাজিক বাস্তবতার ভিন্ন ভিন্ন দিক উঠে এসেছে। সাহিত্যচর্চা যে মানুষের ভেতরে আনন্দের পাশাপাশি চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে, সবার আলোচনাগুলোতে তারই প্রতিফলন ঘটেছে।

পরিশেষে সঞ্চালক ও সাহিত্য বিশ্লেষক ‘নীরা কাদরী’কুইন্স পাবলিক লাইব্রেরি ম্যানেজার শান্তে গেইন্, লেখিকা সাহিদা পারভীনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *