পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বিদ্বেষ নয়’- বাংলাদেশ

কালের সংবাদ ডেস্কঃ ড. আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। ২০ মার্চ সোমবার বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের অ্যাশ সেন্টার আয়োজিত ‘বাংলাদেশ : অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান বক্তা হিসেবে ড. মোমেন আরও বলেন, ‘দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো উন্নয়নসহ অর্থনৈতিক ও উন্নয়নমূলক দৃশ্যপটে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে’। পররাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ভূমিকার ওপর জোর দেন।

তিনি বলেন, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়’ অনুযায়ী এ অঞ্চলে এবং এর বাইরে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের রোহিঙ্গা সংকট, জলবায়ু দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা নিয়েও আলোকপাত করা হয়। পরিবর্তনশীল প্রতিকূলতা, মহামারিতে নিপতিত হওয়ার পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক, আর্থিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার প্রভাব সম্পর্কেও খোলামেলা কথা হয় গোলটেবিল আলোচনায়। হার্ভার্ড কেনেডি স্কুলের রাজাওয়ালি ফাউন্ডেশন ইনস্টিটিউট ফর এশিয়ার পরিচালক এবং অ্যাশ সেন্টারের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক অধ্যাপক অ্যাথনি সাইচ স্বাগত বক্তব্য দেন। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তার সমাপনী বক্তৃতায় বাংলাদেশ সরকার এবং অ্যাশ সেন্টারের মধ্যে সহযোগিতা আগামী দিনে আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *