ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

মো. হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি আরোহী স্বামী-স্ত্রীর নিহতের ঘটনা ঘটেছে

এরমধ্যে স্বামী মো. এবাদুল হক(৫৫) ঘটনাস্থলেই ও তার স্ত্রী সাজেদা খাতুন(৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এবাদুলের জেঠাতো ভাই ফারুক মন্ডল। এ ঘটনায় নিহত এবাদুল-সাজেদার পাঁচ বছর বয়সী নাতি রিফাত, সিএনজি চালক বাদল মিয়া (৩২)সহ তিনজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারীপাড়া সংলগ্ন হোসেনপুর -গাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে মো. এবাদুল হক ভালুকার হবিরবাড়ি এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাড়িতে মা গুরুতর অসুস্থ জানতে পেরে শুক্রবার সকালে কর্মস্থল থেকে সিএনজি চালিত অটোরিকশা করে স্ত্রী ও তাঁর মেয়ের শিশু সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বাড়ির খুব কাছাকাছি আসতেই বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহত এবাদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *