কেশবপুরে পিতার ইঞ্জিন চালিত ভ্যানের ব্যাটারির চার্জারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে পিতার ইঞ্জিন চালিত ভ্যানের ব্যাটারির চার্জারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুর রহমান নামে এক তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৩ আগষ্ট) সকালে কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। নিহত ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দীন মোড়লের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের সাজিম উদ্দীন মোড়ল পেশায় একজন ইঞ্জিন চালিত ভ্যানচালক। গত সোমবার সকালে সাজিম উদ্দীনের শিশু ছেলে হাসিবুর রহমান তার ইঞ্জিন চালিত ভ্যানের উপরে উঠে খেলা করার সময় অসাবধানতাবশত: ব্যাটারির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন। ওইসময় পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত হাসিবুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *