মোহাম্মদ শাব্বির হোসাইন: আজ ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার অনুষ্ঠিত হলো সারাদেশ ব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এবারই প্রথমবারের মতো নওগাঁর আরজী নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
এবার দীর্ঘ ১৩ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। সারাদেশে পাঁচ লাখের বেশি শিক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
ফলাফলের ভিত্তিতে এর মধ্য থেকে ৩৩ হাজার জন মেধা বৃত্তি ও ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এত দিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেয়া হচ্ছিল। করোনাকাল এবং নতুন শিক্ষাক্রমের আলোকে সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে সরে আসে। কিন্তু গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় চলতি বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।
প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এমন পরীক্ষা আয়োজনে আরজী নওগাঁর গ্রামবাসীদের মধ্যে যেনো সাজ সাজ রব পড়ে যায়। সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকের পাশাপাশি উৎসুক এলাকাবাসীর পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন। পরীক্ষা চলাকালীন স্কুল মাঠের পাশেই ঈদগাহ মাঠে সকল অভিভাবককে বসে অপেক্ষা করতে দেখা যায়।