মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করায় ঘের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

শামীম আখতার, (যশোর) কেশবপুর: যশোরের কেশবপুরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করায় ঘের মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। ঘের মালিক কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের মতিয়ার রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের মতিয়ার রহমান তার মৎস্য ঘেরে দীর্ঘদিন ধরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পোল্ট্রি মুরগীর বিষ্ঠাসহ মৎস্য ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে হাতেনাতে ধরে ফেলেন। ওইসময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ অনুযায়ী ঘের মালিক কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করায় ঘের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করা সেইসব খামারের মাছ খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে রোগজীবাণু প্রবেশ করে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে কিডনি ও লিভারের বেশি ক্ষতি করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *