বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ

ছানোয়ার হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজ করতে ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ২৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ ও বৃত্তির অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছের বরাদ্দ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় ৩৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ২৫ জন নারীকে সেলাই মেশিন এবং আরো ২৫৩ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির অর্থ দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১২৬ জন, মাধ্যমিকের ৭৬ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫১ জন শিক্ষার্থী রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং নারীদের দেওয়া সেলাই মেশিন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *