মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের শুরুতেই লেবুর বাজারে আগুন ধরেছে। মিলছে না টাকা দিয়েও। কাঁচাবাজারগুলোতে লেবুর দামে দেখা দিয়েছে অস্বাভাবিক ও উদ্বেগজনক উল্লম্ফন। রোজা শুরুর আগেই প্রতি হালি লেবুর দাম চারগুণ পর্যন্ত বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।
কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আকারভেদে ছোট লেবু প্রতি হালি ৬০ টাকা, মাঝারি ৮০ টাকা এবং বড় লেবু ১০০টাকায় বিক্রি হচ্ছে। সামান্য বড় আকার হলেই দাম হাঁকানো হচ্ছে ১০০থেকে ১২৯ টাকা পর্যন্ত। কেজি দরে লেবুর দাম ২৫০থেকে ৩০০ টাকা।
সাধারণ ক্রেতাদের মতে, নিত্যপণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ তৈরি করছে। লেবুর মতো একটি সাধারণ অনুষঙ্গ যখন রোজা শুরুর আগেই নাগালের বাইরে যেতে শুরু করে, তখন তা শুধু খাদ্যাভ্যাস নয় রমজানের স্বস্তি ও প্রস্তুতিকেও সংকুচিত করে।