মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দুর্বৃত্তদের হামলায় আলামিন হোসেন (৩৮) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় শার্শার দক্ষিনবুরুজ বাগান এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনজনকে আটক করেছে।
নিহত আলামিন হোসেন শার্শার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। স্বল্প খরচে চিকিৎসা দেওয়ার কারণে সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন অত্যান্ত প্রিয়।
আটককৃতরা হলো শার্শার দক্ষিনবুরুজ বাগান গ্রামের আবুল হোসেন এর ছেলে আলাল হোসেন, জামির হোসেন এর ছেলে লালন হোসেন,ও আব্দুল কাদের এর ছেলে সেলিম মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, আলামিন শার্শা থানায় কর্মরত এক পুলিশ সদস্যর স্ত্রীকে বিয়ে করেছে। ওই পুলিশ এর ছেলে মেয়ে থাকা সত্বেও আলামিন তাকে বিয়ে করে। এ বিষয়টি ও ক্ষতিয়ে দেখা প্রয়োজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তবে পূর্ব শত্রুতা কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন তিনজন গ্রেফতার হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।