আগামীতে বয়স্কভাতা শতভাগে উন্নীত করা হবে…. খাদ্যমন্ত্রী

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ “সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা সরকার প্রতি বছরই বাড়াচ্ছে। এর ধারাবাহিকতায় আগামীতে বয়স্কভাতা শতভাগে উন্নীত করা হবে।” সোমবার সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সাপাহার সদর  ইউনিয়ন আ’লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দিচ্ছে। টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, ডাল, পেয়াজ, তেল ও চিনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়ভূক্ত দেশের অধিকাংশ মানুষ। কেউ সরাসরি উপকৃত হয় কেউ বা পরোক্ষভাবে। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।

সাপাহার সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আ’লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার  এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *