একমঞ্চে উঠতে পারে ঘোষণা দেয়া হতে পারে দফাভিত্তিক যৌথ বিবৃতি

কালের সংবাদ ডেস্কঃ এক দফার আন্দোলনে রূপ দিতে চাইছে বিরোধী দলগুলো চলমান যুগপৎ আন্দোলনকে। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আলোচনা চলছে। কিছু কিছু বিষয়ে মতবিরোধ থাকায় বিরোধীদের আন্দোলনের যৌথ ঘোষণা আটকে আছে।

এই বিরোধ মেটাতে ধারাবাহিক বৈঠকও হচ্ছে দলগুলোর মধ্যে। সর্বশেষ গতকাল ১২ দলীয় জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি এসব বৈঠকে চূড়ান্ত আন্দোলনের বিষয়ে আলোচনা হচ্ছে। যৌথ ঘোষণার পাশাপাশি একমঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়ও আসছে। সূত্রের দাবি আসছে ঈদুল আজহার পর বিরোধী দলগুলো একমঞ্চে উঠতে পারে। ঘোষণা দেয়া হতে পারে দফাভিত্তিক যৌথ বিবৃতি।

ঈদের পর পরই সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করতে চান তারা নেতারা বলছেন। এতদিন যুগপৎভাবে নানা কর্মসূচি পালন করলেও ঈদের পর সব দল একমঞ্চে উঠে জোরালো আন্দোলনের ঘোষণা দিতে চান তারা।

১২ দলীয় জোট, এলডিপি ও লেবার পার্টিসহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সেখানে সরকারের পদত্যাগ ও আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করেন নেতারা। বৈঠকে এক দফার আন্দোলনের সময়সীমা নিয়ে আলোচনা করেছেন তারা। ঈদের পর পরই চূড়ান্ত আন্দোলনে নামার পক্ষে মত দেন নেতারা। একই সঙ্গে একমঞ্চ থেকে কর্মসূচি দেয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেয়া ১২ দলীয় জোটের একজন নেতা বলেন, একই লক্ষ্যে আন্দোলন করছে সরকারবিরোধী দলগুলো।

নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন চায় সবাই। বর্তমান সরকার বিরোধী দলগুলোর দাবি-দাওয়া মানছে না। আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে। এজন্য সবাই একমঞ্চ থেকেই আন্দোলনকে প্রাধান্য দিচ্ছে। ঈদের পরেই আন্দোলনে থাকা দলগুলো একটি বৈঠক ডেকে এমন সিদ্ধান্ত নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *