কালের সংবাদ আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতির খোঁজ নিলেন ফ্রান্স অফিস ফর রিফিউজ অ্যান্ড স্টেটলেস পারসনের (ওএফপিআরএ) প্রতিনিধিদল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে। এ ছাড়া বাংলাদেশে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন দেয়া যায় কিনা, সেই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে প্রতিনিধিদলটি।
এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুনির্দিষ্ট ছয়টি বিষয় নিয়ে বৈঠক করে ফ্রান্স থেকে আসা ওএফপিআরএ’র প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তথ্য ও ডকুমেন্টেশন বিভাগের এশিয়া বিষয়ক পরিচালক ক্লিয়ার লুমায়ুক্স। অন্য সদস্যরা হলেন- ফ্রানসিস এক্সভিয়ার ভেয়িলার্ড, লোরেন ব্লার্ড, জোরেম কেমুস। তারা ভোটার তালিকা এবং নির্বাচন সিস্টেম, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া, নির্বাচনী আইন, নির্বাচন প্রচারণা এবং নির্বাচন পর্যবেক্ষক বিষয়ে জানতে চেয়েছেন।
এই বৈঠকে ইসি’র পক্ষে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। উপস্থিত ছিলেন এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর, নির্বাচন ব্যবস্থাপনা শাখা-১ ও ২ এর যুগ্ম সচিব ও কমিশনের আইন শাখার যুগ্ম সচিব।
জানতে চাইলে ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ভোটার রেজিস্ট্রেশনসহ তাদের কিছু এজেন্ডা ছিল, সে বিষয়ে আলোচনা করেছি। মূলত তারা আমাদের ভোটার রেজিস্ট্রেশনের প্রসেসের বিষয়ে জানতে এসেছিল। আমরা কীভাবে ভোটার রেজিস্ট্রেশন করি, সে বিষয়ে তাদের জানিয়েছি। তারা আমাদের ভোটার রেজিস্ট্রেশনের অভিজ্ঞতা নেয়ার জন্য এসেছিল।