শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান টিটো (৪৬) কে গ্রেফতার করেছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেগমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক আলিমুজ্জামান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক নারোদ বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বেগমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কড়িয়াখালি গ্রামের মৃত মোনতাজ আলী মীর এর ছেলে কামরুজ্জামান টিটো (৪৬) কে গ্রেফতার করে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ভাদুড়িয়া মোড় এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-১৪।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ বলেন, নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটোকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।