মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনায় চিনি উৎপাদনে সহায়তাকারী আখচাষীদের ৯০ জন মেধাবী ছেলে-মেয়ে পেল উচ্চ শিক্ষা বৃত্তি হিসেবে এক লাখ ৯৮ হাজার টাকা।
আজ বুধবার (১১ অক্টোবর) বেলা ১২ টায় চিনিকলের সাধারণ মিলনায়তনে ওই বৃত্তি প্রদান করা হয়।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) সরকারের যুগ্মসচিব পুলক কান্তি বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। ডিজিএম (কৃষি) আবদুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, মহাব্যবস্থাপক ( কৃষি) তারেক ফরহাদ, জয়পুরহাট চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ। পরে আখচাষীদের ৯০ জন ছেলে-মেয়ের হাতে ১ লাখ ৯৮ হাজার টাকা উচ্চ শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
এরমধ্যে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ৯ জন এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের ৮১ জন শিক্ষার্থী রয়েছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মাড়াই মৌসুমের শিক্ষা খাতে কেটে রাখা টাকা চিনি উৎপাদনে সহায়তাকারী আখচাষী দের মেধাবী ছেলে -মেয়েদের মাঝে ওই শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয় ।