নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরি, ৪৭ হাজার জাল টাকা সহ একজন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ডিজিটাল স্টুডিও প্রিন্ট এন্ড ফটোকপি ব্যবসার অন্তরালে কম্পিউটারে জাল টাকা তৈরি। জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধার সহ একজন আটক।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস টিম রবিবার ৬ সেপ্টেম্বর নওগাঁ জেলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ সদর থানাধীন বলিহার ইউনিয়নের পয়না বাজারে একজন ব্যাক্তি তার নিজের মল্লিক ডিজিটাল স্টুডিও প্রিন্ট এন্ড ফটোকপি এন্ড টেলিকম দোকানে কম্পিউটার এর মাধ্যমে জাল টাকা তৈরি করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস টিম রবিবার বিকেল সোয়া ৩টায় নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে পৌছে উপস্থিত লোকজনের সামনে মল্লিক ডিজিটাল স্টুডিও প্রিন্ট এন্ড ফটোকপি দোকানে অভিযান চালিয়ে এক হাজার টাকার ৪৭ টি জাল নোট (৪৭ হাজার টাকার জাল নোট) উদ্ধার সহ দোকান মালিক তারিকুল ইসলাম মল্লিক (৩৮) কে আটক করেন ডিবি পুলিশ। এসময় একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করেন এবং কম্পিউটারের মধ্যে জাল নোট তৈরির তথ্য পাওয়া যায় বলেও জানিয়েছেন পুলিশ। আটককৃত তারিকুল ইসলাম মল্লিক হলেন, নওগাঁ জেলা সদর থানাধীন পয়না বাজার এলাকার আশরাফ আলী মল্লিকের ছেলে। জাল টাকা সহ আটককৃত তারিকুল ইসলাম মল্লিক এর বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *