জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবরকে সালিশ চলাকালীন সময়ে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের পানিহারা গ্রামের পরেশ চন্দ্র বর্মনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে। পরেশ চন্দ্র বর্মন পানিহারা গ্রামের তারাপদ বর্মনের ছেলে। তিনি নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে চাকুরী করেন। এলাকাবাসী সূত্রে উল্লেখিত গেছে, পরেশ চন্দ্র বর্মন ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জায়গার আমগাছ কেটে পুকুর খনন করছিলেন। এতে পরেশের প্রতিবেশী বিনয় বর্মনের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। বিষয়টি নিয়ে স্হানীয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করলেও পরেশ চন্দ্র বর্মন তা না মেনে জোর করে পুকুর খনন করছিলেন।
বিনয় বর্মন ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবরকে জানালে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে এসে শালিশে উপস্থিত হলে পরেশ চন্দ্র বর্মন ইউপি চেয়ারম্যানের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। মারমুখি আচরণ করলে পরে স্হানীয়রা চড়াও হলে পরেশ চন্দ্র বর্মন ঘটনাস্থল ত্যাগ করে। স্হানীয় কয়েস উদ্দিন বলেন, এই জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। পুকুর কাটতে নিষেধ করার পরও সবাইকে উপেক্ষা করে জোরপূর্বক আমগাছ, তালগাছ, লেবুগাছ কর্তন করে নিষিদ্ধ ভেকু মেশিন লাগিয়ে পুকুর খনন শুরু করে।
এতে করে বিনয় বর্মনের ঘরবাড়ি ভেঙে যাওয়া এবং জনসাধারনের চলাচলের রাস্তা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঘটনাস্হলে চেয়ারম্যানকে আমার সামনে শালিশে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী আচরণ করে। স্হানীয়দের রোষানলে পড়লে ঘটনাস্হল ত্যাগ করেন পরেশ চন্দ্র বর্মন। বিষয়টি নিয়ে স্হানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর বলেন, শালিশ চলাকালীন সময় থেকে পরেশ চন্দ্র বর্মন রাগান্বিতভাবে আমার দিকে তেড়ে আসে এবং অসৌজন্যমূলক আচরণ করে। এতে এলাকায় আমার সুনাম ক্ষুন্ন হয়েছে।
আমি এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মনের উপযুক্ত শাস্তি দাবি করছি। মুঠোফোনে পরেশ চন্দ্র বর্মন বলেন, আমি চেয়ারম্যানকে কোন গালিগালাজ করিনি। ঘটনার পর থেকে জীবনের নিরাপত্তার কথা ভেবে আমি বাড়ি থেকে পালি রয়েছি। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।