ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে কেশবপুরে গণমিছিল

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর ইজরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ (শুক্রবার) জুম্মার নামাজ বাদ কেশবপুরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলার পাবলিক ময়দানে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর মানব কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসফি চৌধুরী অরিন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম প্রমূখ। 

 

বক্তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা গভীর ঘুমে। কেউ কেউ সাহ্‌রির প্রস্তুতি নিতে শুরু করেছে, ঠিক সেই সময় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা চালিয়ে নারী-শিশু হত্যা করেছে। রাতের অন্ধকারে ইসরাইল বাহিনী ফিলিস্তিনের গাজায় ধর্মপ্রাণ মুসলমানের উপর হামলা চালিয়ে নৃশংস হত্যাকান্ড চালিয়ে অমার্জনীয় অপরাধ করেছে। বিশ্বের সকল মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ইজরায়েলের সকল পণ্য সকল মুসলমানদের বর্জন করার আহবান জানান।

পরে পাবলিক ময়দান থেকে একটি গণমিছিল বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিলে উপজেলার বিভিন্ন এলাকার হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *