নিজেস্ব প্রতিবেদক: বগুড়া মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় মুক্তিযুদ্ধ প্রজন্মের সাবেক সদস্য আলী আরমান খান সিহাবের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরিবার। গত ১৫ই সেপ্টেম্বর অকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ত্যাগী ও প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা।
তার অকাল প্রয়াণে নবাব সিরাজউদ্দৌলার ৯ম বংশধর নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা বলেন, আলী আরমান খান সিহাবের এই আকস্মিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি শুধু একজন রাজপথের ত্যাগী নেতাই ছিলেন না, বরং আমাদের পরিবারের প্রতি এবং বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। নবাব পরিবারও তাকে সবসময় অত্যন্ত স্নেহের চোখে দেখতো এবং সম্মান জানাতো। তার মতো একজন সম্ভাবনাময় তরুণের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।