ছানোয়ার হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই মীর ইসমাইল হোসেন (৮৩) মারা গেছেন। গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মীর ইসমাইল হোসেন বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বিকেলে ফিফা বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য এলাকায় স্থানীয় যুবকদের উদ্যোগে একটি পিকনিকের আয়োজন করা হয়। সেই পিকনিকে গেট তৈরির জন্য কলাগাছের পাতা কাটতে গিয়ে মীর ইসমাইল হোসেন ও তার ছোট ভাই মীর মোশাররফ হোসেনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোট ভাই মোশাররফ হোসেনের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন, তার ছেলে সোহরাব হোসেন এবং তার স্ত্রী মোছেনা বেগম গুরুতর আহত হন।
আহতদের প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মীর ইসমাইল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মীর মোশাররফ হোসেনের স্ত্রী বেদেনা বেগম এবং তাদের ছেলে মীর বাঁধনকে গ্রেপ্তার করেছে। পলাতক মীর মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।