বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আসা ১২ প্যাকেজ ইলিশ জব্দ, নিলামে তোলার প্রক্রিয়া শুরু

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ঘোষণাবহির্ভূত ১২ প্যাকেজ ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস সূত্রে জানা গেছে, খুব দ্রুতই এই মাছ নিলামে তোলা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত থেকে গত ২২ জুলাই ২০২৬ তারিখে ‘স্বর্ণালী এন্টারপ্রাইজ’ নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬,৩১০ কেজি (গ্রোস ওজন) এবং ১৩,৮৬৪ কেজি নিট ওজনের সাদা মাছ আমদানি করে। যার মেনিফেস্ট নম্বর ৪৪৬৮৯ এবং তারিখ ২২/০৭/২০২৬।

চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে ‘সাউন্ড শিপিং লাইনস লি.’ নামক একটি প্রতিষ্ঠান।

বেনাপোল কাস্টমস সুপার আরিফুল ইসলাম জানান, ভারত থেকে আমদানিকৃত সাদা মাছের পরিবর্তে বেনাপোল বন্দরে কায়িক পরীক্ষার সময় ১২ কার্টন (৩৬০ কেজি) ইলিশ মাছ পাওয়া যায়। সাদা মাছ আমদানির কথা বলে মূলত এই অবৈধ চালানটি খালাসের চেষ্টা করেছিল সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট। বর্তমানে জব্দকৃত এই ১২ কার্টন ইলিশ মাছ নিলামে বিক্রির জন্য আটক রাখা হয়েছে এবং খুব শীঘ্রই তা নিলামে বিক্রি করা হবে।

এদিকে, বারবার এভাবে মিথ্যা ঘোষণা দিয়ে বেনাপোল বন্দরে নিষিদ্ধ বা ঘোষণাবহির্ভূত মাছের চালান আসার পেছনে জড়িতদের বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার রাহাত হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। বন্দর এলাকায় এ ধরনের অনিয়ম রোধে কাস্টমসের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *