বরেন্দ্র অঞ্চলে ড্রাগন ফল চাষে বেশ সাড়া পড়েছে

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত দেশের উত্তরের জেলা নওগাঁ। এ’জেলায় ধান চাষের পাশাপাশি রসালো ফল ড্রাগন চাষে বেশ সাড়া পড়েছে। এ’অঞ্চলের  জমিগুলো এঁটেল-দোআঁশ বলে ফলগুলো খুবই সুমিষ্ট ও সুস্বাদু।
পোরশা উপজেলার তেঁতুলিয়া গ্রামে ২৫ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে ড্রাগন ফলের বাগান। সারি সারি করে রোপণ করা হয়েছে সুস্বাদু ও সুমিষ্ট ড্রাগনের গাছ। সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে সবুজ আর গোলাপি রঙের ফল। এ যেন এক অপরূপ দৃশ্য। এ অঞ্চলে পানি স্বল্পতার কারণে ভালো ফসল না হওয়ায় আট হাজার ড্রাগনের চারা সংগ্রহ করে রোপণ করে শাহজামাল নামে এক যুবক। মাত্র ছয় মাসের ব্যবধানে প্রথম বছরে বিক্রি করেন ৬ লাখ টাকার ফল। অপরদিকে মহাদেবপুর ‎‎উপজেলার শিবরামপুর গ্রামের ড্রাগন চাষী মো. আজাদুল হক জানান তিনি তিন বিঘা জমিতে ড্রাগন বাগান করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। তার ড্রাগন বাগানে মাত্র ৬ মাসে ফল আসা শুরু হয়েছে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ড্রাগন বাগান থেকে ফল উঠছে এবং লাভের মুখ দেখতে শুরু করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে মৌসুমি ফসল ভালো না হওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠেছেন এ এলাকার মানুষ। জমিগুলো এঁটেল-দোআঁশ বলে ফলগুলো খুবই সুমিষ্ট ও সুস্বাদু। পুষ্টিগুণ সম্পন্ন এই ফল জেলায় প্রথম চাষ হওয়ায় চাহিদা বেশি; দামও ভালো। তাই কৃষি বিভাগ থেকে চাষিদের প্রযুক্তিগত সহায়তা ও আরও বেশি ড্রাগন উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *