বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ফরম জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধ: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় যাত্রীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে জাল বহির্গমন ফরম সরবরাহের অভিযোগে তিন প্রতারককে আটক করেছে স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা।
রোববার (১৭ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে চেকপোস্ট এলাকার ইউনুস মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আলামিন শেখ, রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন এবং ভবেরবেড় গ্রামের রুবেল হোসেন।
এপিবিএন পুলিশের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) সন্তু বিশ্বাস জানান, ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের কাছে জাল বহির্গমন ফরম সরবরাহ করে জোরপূর্বক অর্থ আদায়ের সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, বর্তমানে বহির্গমন প্রক্রিয়ায় যাত্রীদের কোনো ফরম পূরণের প্রয়োজন নেই। ইমিগ্রেশন ডেস্ক অফিসাররা যাত্রীদের পাসপোর্ট দেখে সরাসরি অনলাইনে তথ্য পূরণ করে থাকেন। কিন্তু একটি প্রতারক চক্র পুরনো নিয়মের কথা বলে জাল ফরম সরবরাহ করে যাত্রীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *