বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড গাজীপুর এলাকায় চতুর্থ দিনের মতো ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে যান, তাদের খোঁজখবর নেন এবং সার্বিক উন্নয়ন ও নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “মানুষের মৌলিক চাহিদা পূরণ, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল অগ্রাধিকার।” বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, রাজনীতি হলো মানুষের সেবা করার সবচেয়ে বড় মাধ্যম। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করলেই কেবল একটি এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব। জনপ্রতিনিধির দায়িত্ব কেবল প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং মানুষের সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে তার বাস্তবসম্মত সমাধান করা।
গাজীপুর এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, সাধারণ মানুষের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়েই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পরিবেশের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি আধুনিক ও জনবান্ধব বেনাপোল পৌরসভা গড়তে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাঁর এই ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা: এলাকার সাধারণ মানুষ জানান, গাজীপুর এলাকায় অবকাঠামোগত উন্নয়ন,নাগরিক সুবিধার সম্প্রসারণ এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান চান তারা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে যিনি বা যারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা যেন সবসময় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখেন।