সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বর্তমানে পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে ভাঙ্গুড়া পৌর সদরের একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুস সাত্তার (৭৬) দীর্ঘদিন ধরে শিলপাটা ধার কেটে জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার দিন সকালে শিশুটি বাড়ির সামনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। সেই সময় আশপাশে লোকজনের উপস্থিতি কম থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত তাকে বিস্কুট দেওয়ার কথা বলে কাছে ডাকেন। পরে নানা কৌশলে শিশুটিকে একটি নির্জন পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। ভয় পেয়ে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
ঘটনার পর শিশুটি আতঙ্কিত অবস্থায় পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।
অভিযুক্তের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা ঝুলছে। পরিবারের কোনো সদস্যকে সেখানে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম বলেন, শিশুটির বক্তব্য ও প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।